ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬

এনডিইউবি ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেটে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন ইংলিশ ডিপার্টমেন্ট

বিবিধ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬

এনডিইউবি ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেটে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন ইংলিশ ডিপার্টমেন্ট

এক হাইভোল্টেজ ফাইনালে ল’ ডিপার্টমেন্টকে ২ উইকেটে হারিয়ে চতুর্থবারের মতো এনডিইউবি ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে ইংলিশ ডিপার্টমেন্ট। রোমাঞ্চকর এই জয়ের মাধ্যমে টানা ষষ্ঠবারের মতো ফাইনাল খেলার কীর্তি গড়ার পাশাপাশি যৌথভাবে সর্বোচ্চ চারটি ট্রফি জয়ের রেকর্ডও ধরে রাখল ইংলিশ।

ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ল’ ডিপার্টমেন্ট। তবে ইংলিশ ডিপার্টমেন্টের পেসারদের কৌশলী ও নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে টুর্নামেন্টজুড়ে দারুণ ফর্মে থাকা ল’ ডিপার্টমেন্টের টপ অর্ডার ব্যাটাররা দ্রুতই ব্যর্থ হন। শুরুতেই চাপে পড়ে যায় ল’ শিবির। পরে সিয়ামের দৃঢ় ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ওভারে ১০৫ রানের লক্ষ্য দাঁড় করায় তারা।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই গুরুত্বপূর্ণ উইকেট হারায় ইংলিশ ডিপার্টমেন্ট। তবে অধিনায়ক নীল আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন। এরই মধ্যে ভুল বোঝাবুঝিতে নাঈম রানআউট হলে ইংলিশ শিবিরে একের পর এক উইকেট পড়তে থাকে। ম্যাচ যখন হাতছাড়া হওয়ার শঙ্কা, তখন টেলএন্ডার সাব্বির একপ্রান্ত আগলে রেখে নীলকে স্ট্রাইক দিতে থাকেন।

অভিজ্ঞতা ও ধৈর্যের পরিচয় দিয়ে নীল একাই ইনিংস টেনে নিয়ে যান। টানটান উত্তেজনার শেষ ওভারে ১ বল বাকি থাকতে একটি ছক্কা হাঁকিয়ে ২ উইকেটের নাটকীয় জয় নিশ্চিত করেন তিনি। ২১ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে নীল নির্বাচিত হন ফাইনালের সেরা খেলোয়াড় (প্লেয়ার অব দ্য ফাইনাল)।

জয়ের সঙ্গে সঙ্গে উৎসবে মেতে ওঠে ইংলিশ ডিপার্টমেন্ট দলের সমর্থকরা। এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে ২০২৬ আসরের এনডিইউবি ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্টের।

পুরো টুর্নামেন্টজুড়ে ইংলিশ ঈগলস দলের পাশে ছিল বাংলাদেশের অন্যতম শীর্ষ গ্রুপ কনকর্ডের ফ্যান্টাসি কিংডম এবং জনপ্রিয় স্পোর্টস অনলাইন ও ডিজিটাল নিউজ পোর্টাল আল্টিমেট স্পোর্টস। টানা ছয়বার ফাইনাল খেলা ও চারবার শিরোপা জয়ের এই সফল দলের বিভিন্ন সময়ে কোচ ও ম্যানেজারের দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সামী হোসেন চিশতী।

আমার ক্যাম্পাস

Link copied!