ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি

খুবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি

ছবিঃ সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল ও ডিসিপ্লিনে ভর্তির জন্য আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২১ অক্টোবর থেকে। শনিবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আবেদনের যোগ্যতা

প্রার্থীকে খুলনা বিশ্ববিদ্যালয় বা ইউজিসি কর্তৃক স্বীকৃত দেশি বা বিদেশি কোনো বিশ্ববিদ্যালয় থেকে তিন, চার বা পাঁচ বছর মেয়াদি স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে। আবেদনকারীর অন্তত ১৬ বছরের শিক্ষাজীবন সম্পন্ন থাকতে হবে।
তবে তিন বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে ১৫ বছরের শিক্ষাকাল ও ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
অ্যাপিয়ার্ড প্রার্থীরাও আবেদন করতে পারবেন, তবে ক্লাস শুরু হওয়ার দুই মাসের মধ্যে মূল সনদপত্র জমা দিতে হবে; অন্যথায় ভর্তি বাতিল বলে গণ্য হবে।

স্কুলভেদে ন্যূনতম যোগ্যতা হিসেবে সিজিপিএ ২.২৫ থেকে ২.৫০ বা সমমানের দ্বিতীয় শ্রেণি নির্ধারণ করা হয়েছে।

যেসব ডিসিপ্লিনে ভর্তি নেওয়া হবে

বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলে: স্থাপত্য, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, নগর ও গ্রামীণ পরিকল্পনা, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও পরিসংখ্যান।

জীব বিজ্ঞান স্কুলে: এগ্রোটেকনোলজি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্ট সায়েন্স, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি, ফার্মেসি ও সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন।

ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলে: ব্যবসায় প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা।

কলা ও মানবিক স্কুলে: ইংরেজি, বাংলা ও ইতিহাস ও সভ্যতা।

সামাজিক বিজ্ঞান স্কুলে: অর্থনীতি, সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা।

চারুকলা স্কুলে: ড্রইং অ্যান্ড পেইন্টিং, প্রিন্টমেকিং ও ভাস্কর্য।

আইন স্কুলে: আইন।

শিক্ষা স্কুলে: শিক্ষা।

আবেদনের সময়সীমা

মাস্টার্স প্রোগ্রামে অনলাইনে আবেদন করা যাবে ২১ অক্টোবর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ku.ac.bd-এ পাওয়া যাবে।

আমার ক্যাম্পাস

Link copied!