ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

ঢাকায় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং: গড়ে একজন শিক্ষার্থীর খরচ কত?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫

ঢাকায় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং: গড়ে একজন শিক্ষার্থীর খরচ কত?

ছবিঃ সংগৃহীত

এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরপরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ছুটছেন রাজধানী ঢাকায়। লক্ষ্য একটাই—পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রতিযোগিতায় সফল হওয়া। রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, তেজতুরি বাজার, তেজকুনিপাড়া, পান্থপথসহ প্রধান এলাকাগুলো ভর্তি কোচিংয়ের শিক্ষার্থীতে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে। সেপ্টেম্বরের শুরু থেকেই প্রায় সব কোচিং সেন্টারে ক্লাস চালু হয়েছে। তবে শুধু ভর্তি ফি দিলেই দায় শেষ হচ্ছে না, পরীক্ষার দিন পর্যন্ত আবাসন, খাবার, যাতায়াত, বইপত্র ও নানা আনুষঙ্গিক খাতে খরচ বাড়তে বাড়তে একজন শিক্ষার্থীর গড় ব্যয় গিয়ে দাঁড়াচ্ছে ৬০ থেকে ৭৫ হাজার টাকায়।

ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যয় হয় কোচিং ফি বাবদ। মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান—তিনটি বিভাগে কোর্স ফি ভিন্ন ভিন্ন। মানবিক শাখায় গড়ে ১০ থেকে ১৮ হাজার টাকা, ব্যবসায় শিক্ষা শাখায় ১২ থেকে ১৮ হাজার টাকা এবং বিজ্ঞান শাখায় ১৮ থেকে ২২ হাজার টাকা খরচ হচ্ছে। মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং প্রস্তুতির জন্য কোচিং ফি আরও বেশি, সাধারণত ২০ থেকে ২৪ হাজার টাকা পর্যন্ত। নার্সিং কোচিংয়ে বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিংয়ের জন্য কোর্স ফি গড়ে ১৫ থেকে ১৮ হাজার টাকা। তবে প্রায় সব প্রতিষ্ঠানেই শিক্ষার্থীদের আকৃষ্ট করতে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।

রাজধানীর নামকরা কোচিংগুলোর মধ্যে ইউসিসিতে কোর্স ফি নির্ধারিত হয়েছে ১৮ হাজার টাকা, তবে ছাড়ে ১৫ হাজার টাকাতেও ভর্তি হওয়ার সুযোগ আছে। প্যারাগন কোচিং সেন্টারে মানবিক শাখায় কোর্স ফি ১৬,৫০০ টাকা এবং ব্যবসায় শিক্ষায় ১৮,৫০০ টাকা, যেখানে শিক্ষার্থীরা ৩-৪ হাজার টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন। স্কলার্স কোচিং সেন্টারে ব্যবসায় শিক্ষায় কোর্স ফি ২০ হাজার এবং মানবিকে ১৬ হাজার টাকা হলেও যথাক্রমে সর্বোচ্চ ৮ হাজার ও ৬ হাজার টাকা ছাড় পাওয়া যাচ্ছে। বিজ্ঞানভিত্তিক কোচিংয়ের মধ্যে উদ্ভাস ও বন্দি পাঠশালা উল্লেখযোগ্য। উদ্ভাসে সাধারণ বিজ্ঞান কোর্সের ফি ২২ হাজার এবং ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য ২৪ হাজার টাকা, তবে ছাড়ে ৪ হাজার টাকা পর্যন্ত কমে আসছে। মেডিকেল কোচিংয়ে রেটিনার ফি ২৫ হাজার টাকা হলেও প্রায় ১,৫০০ টাকা ছাড়ে ভর্তি হওয়া সম্ভব। ফলে গড়ে শিক্ষার্থীরা ১৫ হাজার থেকে ২৪ হাজার টাকার মধ্যে কোচিং ফি দিচ্ছেন।

ঢাকায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আবাসন। ফার্মগেট এলাকার আশপাশে বাড়িওয়ালা ও হোস্টেল মালিকরা ভর্তি মৌসুমে ভাড়া বাড়িয়ে দেন। মেস বা হোস্টেলে একজন শিক্ষার্থীর মাসিক সিটভাড়া শুরু হয় প্রায় সাড়ে তিন হাজার টাকা থেকে। সার্ভিস চার্জ, ইউটিলিটি বিলসহ খরচ দাঁড়ায় মাসে ৪,৫০০ থেকে ৫,০০০ টাকার মধ্যে। এর সঙ্গে তিন বেলা খাবারের খরচ যোগ হয়, যা মাসে গড়ে ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা। সব মিলিয়ে একজন শিক্ষার্থীর মাসিক থাকা-খাওয়ার খরচ দাঁড়াচ্ছে গড়ে ৯ থেকে ১০ হাজার টাকা। চার থেকে পাঁচ মাস ভর্তি প্রস্তুতির সময়ে এই খাতেই খরচ হচ্ছে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা।

শুধু কোচিং ফি ও আবাসন-খাবারের খরচই নয়, শিক্ষার্থীদের অতিরিক্ত ব্যয়ও কম নয়। কোচিং সেন্টারের দেওয়া লেকচার শিটের বাইরে শিক্ষার্থীদের কিনতে হচ্ছে নানা ধরনের বই। সঙ্গে ফটোকপি, যাতায়াত, পরীক্ষা ফি ও বাড়ি যাওয়া-আসার মতো খরচও যোগ হচ্ছে। সব মিলিয়ে অতিরিক্ত খাতে গড়ে ১০ হাজার টাকা পর্যন্ত ব্যয় হচ্ছে।

কিছু শিক্ষার্থীর অভিজ্ঞতা থেকে সামগ্রিক চিত্র স্পষ্ট হয়ে ওঠে। ঢাকায় পরিবারের সঙ্গে থাকা শিক্ষার্থীদের খরচ তুলনামূলকভাবে কম। শহীদ রমিজ ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফোয়ারা তুষ্টি জানিয়েছেন, তিনি ১৫ হাজার টাকায় কোচিংয়ে ভর্তি হয়েছেন। আলাদা হোস্টেল খরচ না থাকলেও বইপত্র ও পড়াশোনার অন্যান্য সামগ্রীর জন্য তাকে অতিরিক্ত ২ হাজার টাকা ব্যয় করতে হয়েছে। অন্যদিকে নীলফামারী থেকে আসা শিক্ষার্থী আকাশ মজুমদার ফার্মগেটের একটি কোচিং সেন্টারে ২২ হাজার টাকায় ভর্তি হয়েছেন। তিনি জানিয়েছেন, মাসিক বাসাভাড়া ও খাবার বাবদ ৪ থেকে ৫ মাসে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা খরচ হচ্ছে। সব মিলিয়ে তার বাজেট দাঁড়িয়েছে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকায়। আবার নোয়াখালী থেকে আসা শিক্ষার্থী আব্দুল ওয়াহিদ জানিয়েছেন, তিনি ১৬ হাজার টাকায় কোচিংয়ে ভর্তি হয়েছেন এবং পান্থপথ এলাকায় মাসে ৭ হাজার টাকায় বাসা ভাড়া নিয়েছেন। কোচিং ফি ও ভাড়ার খরচ মিলিয়ে তার ব্যয় দাঁড়াচ্ছে ৪২ থেকে ৫০ হাজার টাকার মধ্যে, তবে যাতায়াত ও অন্যান্য খরচ যোগ করলে তা ৬০ হাজারের কাছাকাছি পৌঁছাতে পারে।

সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে, ঢাকায় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য একজন শিক্ষার্থীকে গড়ে ৬০ থেকে ৭৫ হাজার টাকা খরচ করতে হচ্ছে। কারও কারও ক্ষেত্রে এ খরচ ৮০ হাজার টাকাতেও পৌঁছাচ্ছে। দেশের অনেক পরিবারের জন্য এ ব্যয় এক বিশাল চাপ হলেও, বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণের আশায় হাজারো শিক্ষার্থী প্রতিবছর ঢাকায় ভিড় জমাচ্ছেন।

আমার ক্যাম্পাস

Link copied!