থাইল্যান্ডের বিশ্বখ্যাত আন্তর্জাতিক কফি চেইন ‘ক্যাফে আমাজন’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। বসুন্ধরা গ্রুপের তত্ত্বাবধানে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটিতে দুটি পৃথক আয়োজনে ব্র্যান্ডটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্ব অনুষ্ঠিত হয় বসুন্ধরা আবাসিক এলাকার ক্যাফে আমাজনের ফ্ল্যাগশিপ স্টোরে। এতে থাইল্যান্ড দূতাবাসের প্রতিনিধি, পিটিটি সিয়ামের ঊর্ধ্বতন কর্মকর্তা, বসুন্ধরা গ্রুপের শীর্ষ নির্বাহী, সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। দুপুর সাড়ে ১২টায় ফিতা কেটে স্টোরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
একই দিন বিকেলে বসুন্ধরা সিটি শপিং মলে অনুষ্ঠিত হয় দ্বিতীয় পর্বের আয়োজন, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। অনুষ্ঠানে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী নৃত্য, মুয়ে থাই মার্শাল আর্ট প্রদর্শনী, কফি বিন অ্যাক্টিভেশন, বেলুন ড্রপ, ফ্ল্যাশ মব এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জনপ্রিয় সংগীতশিল্পী জেফার একক পরিবেশনা করেন। এছাড়া ব্র্যান্ডটির মাসকট ‘জোনজোন’র বিশেষ উপস্থিতি এবং সমাপনী কনসার্ট আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ২০০২ সালে থাইল্যান্ডে যাত্রা শুরু করা ক্যাফে আমাজন বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল কফি চেইন। প্রাকৃতিক পরিবেশে সাজানো আউটলেট এবং বিশেষ কফির স্বাদের জন্য পরিচিত এই ব্র্যান্ডের বিশ্বজুড়ে হাজারো শাখা রয়েছে।
বাংলাদেশে বসুন্ধরা গ্রুপের মাধ্যমে ব্র্যান্ডটির কার্যক্রম শুরু হওয়ায় দেশের কফিপ্রেমীরা আন্তর্জাতিক মানের নতুন কফি অভিজ্ঞতা পাবেন বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন :