ইউরোপের দেশ ইতালিতে উচ্চশিক্ষা ও গবেষণার স্বপ্ন দেখছেন এমন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুখবর নিয়ে এল ইউনিভার্সিটি অব ব্রেসিয়া। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়টি তাদের বিশেষ ‘স্টার’ স্কলারশিপ ঘোষণা করেছে। বাংলাদেশসহ ইউরোপীয় ইউনিয়নের মেধাবী শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই বৃত্তির আওতায় শিক্ষার্থীদের পড়াশোনার খরচ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা হবে। ২০২৬ সেশনের জন্য যাঁরা ইতালিতে একটি মানসম্মত মাস্টার্স ডিগ্রির খোঁজ করছেন, তাঁদের জন্য অর্থায়িত এই স্কলারশিপটি একটি কাঠামোগত আর্থিক সহায়তা হিসেবে কাজ করবে। এর মাধ্যমে আধুনিক ইউরোপীয় শিক্ষাব্যবস্থায় নিজেদের ক্যারিয়ার গড়ার পথ সুগম হবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের।
ইতালির ব্রেসিয়া শহরে অবস্থিত ইউনিভার্সিটি অব ব্রেসিয়া। ১৯৮২ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। গবেষণার গুণগত মানের দিক থেকে ইতালির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সারিতে অবস্থান করছে বিশ্ববিদ্যালয়টি।
সুযোগ-সুবিধা
এই বৃত্তির প্রধান আকর্ষণ হলো ৬ হাজার ১৩২ ইউরো (প্রায় ৮ লাখ টাকার বেশি) মূল্যের বিশাল একটি স্কলারশিপ অ্যাওয়ার্ড। এ ছাড়া, নির্বাচিত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় এবং তৃতীয় কিস্তির টিউশন ফি পরিশোধ থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হবে। আবাসন সমস্যার সমাধানে ক্যাম্পাসের ভেতরেই বিনা খরচে থাকার সুবিধা দেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয় সাশ্রয় করতে এখানে রয়েছে বিশেষ ছাড়যুক্ত ক্যাটারিং বা খাবার সুবিধা।
আবেদনের যোগ্যতা
বৃত্তিটির জন্য মূলত ইউরোপীয় ইউনিয়নের বাইরের মেধাবী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই উন্নয়নশীল অথবা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া কোনো দেশের নাগরিক বা স্থায়ী বাসিন্দা হতে হবে। এই বৃত্তির প্রধান শর্ত হলো, আবেদনকারীর পূর্ববর্তী ডিগ্রিটি অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের বাইরের কোনো প্রতিষ্ঠান থেকে অর্জিত হতে হবে। একাডেমিক যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীর সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ৩.২ অথবা শতকরা হিসাবে কমপক্ষে ৮০ শতাংশ নম্বর থাকতে হবে।
অধ্যয়নের ক্ষেত্রগুলো
এই বিশ্ববিদ্যালয়ের প্রধান আকর্ষণীয় বিষয়গুলোর মধ্যে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কমিউনিকেশন টেকনোলজি এবং মাল্টিমিডিয়া ও ইনফরমেশন টেকনোলজি। ব্যবসায় শিক্ষা ও অর্থনীতির শিক্ষার্থীদের জন্য এখানে ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস এবং ইকোনমিকস অ্যান্ড ডেটা সায়েন্সের মতো যুগোপযোগী কোর্স রয়েছে। স্বাস্থ্য ও বিজ্ঞানে আগ্রহী শিক্ষার্থীরা বায়োমেডিকেল সায়েন্স, মেডিসিন এবং হেলথকেয়ার ম্যানেজমেন্টের মতো বিষয়গুলো বেছে নিতে পারেন।
প্রয়োজনীয় তথ্য
প্রথমেই বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে নির্ভুলভাবে ‘অনলাইন অ্যাপ্লিকেশন ফরম’ পূরণ করতে হবে। এর সঙ্গে আবেদনকারীর পূর্ববর্তী সব পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং মূল সনদপত্র বা ডিগ্রি সার্টিফিকেট জমা দিতে হবে। প্রার্থীর একাডেমিক যোগ্যতা ও গবেষণার সক্ষমতা মূল্যায়নের জন্য একটি সুপারিশপত্র জমা দিতে হবে। যেহেতু এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রোগ্রাম, তাই ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএস বা সমমানের একটি সার্টিফিকেট জমা দিতে হবে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা লিঙ্কে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়
১৫ মার্চ, ২০২৬।

আপনার মতামত লিখুন :