রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি বাঙলা কলেজের মূল ক্যান্টিনের খাবারের মান ও চরম অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। আজ (মঙ্গলবার) দুপুরে ক্যান্টিনের দুপুরের খাবারে (মুরগির তরকারি) আস্ত একটি মরা তেলাপোকা পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ ক্ষোভের সৃষ্টি হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী কলেজের অনার্স ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র খালেদুর রহমান। তরকারিতে তেলাপোকা ভাসার দৃশ্যটি তিনি নিজের মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে।

ভুক্তভোগী শিক্ষার্থী খালেদুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা তো আর বিনামূল্যে খাচ্ছি না, টাকা দিয়ে খাবার কিনছি। আমাদের অন্তত ন্যূনতম পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত খাবার পাওয়ার অধিকার আছে। কিন্তু দুপুরের খাবারের প্লেটে যখন আস্ত একটা তেলাপোকা ভেসে উঠতে দেখলাম, তখন গা গুলিয়ে উঠলো। এটা অত্যন্ত দুঃখজনক এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যের সঙ্গে চরম তামাশা।’
তিনি আরও বলেন, ‘কলেজের হাজারো শিক্ষার্থী প্রতিদিন এই ক্যান্টিনের খাবারের ওপর নির্ভরশীল। এমন নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ শিক্ষার্থীদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। আমরা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ক্যান্টিনের লাইসেন্স বাতিলের দাবি জানাচ্ছি।’
খাবারে তেলাপোকা পাওয়ার বিষয়ে ক্যান্টিন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা দুঃখ প্রকাশও পাওয়া যায়নি।
তবে সাধারণ শিক্ষার্থীদের দাবি, শুধু আজকের ঘটনাই নয়, এর আগেও একাধিকবার ক্যান্টিনের অপরিচ্ছন্ন পরিবেশ এবং বাসি খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে।

আপনার মতামত লিখুন :