ঢাকা বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬

২০২৮-২৯ অর্থবছরে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে ভারত: রাজ্যসভায় অর্থমন্ত্রীর তথ্য

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬

২০২৮-২৯ অর্থবছরে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে ভারত: রাজ্যসভায় অর্থমন্ত্রীর তথ্য

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করবে। সম্প্রতি দেশটির রাজ্যসভায় এক লিখিত জবাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এ তথ্য জানিয়েছেন।

আইএমএফের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক (এপ্রিল ২০২৬)’ প্রতিবেদনের বরাতে অর্থমন্ত্রী জানান, ২০২৮-২৯ অর্থবছরে বর্তমান মূল্যে ভারতের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রায় ৫ দশমিক ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

এই লক্ষ্য অর্জনে কৃষি, উৎপাদন খাত, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই), অবকাঠামো, ডিজিটাল প্রযুক্তি ও উদীয়মান শিল্প খাতে সমন্বিত প্রবৃদ্ধি কৌশল গ্রহণ করেছে সরকার বলে জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্য সামনে রেখে উৎপাদন ও শিল্প খাত সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ (পিএলআই) প্রকল্প, ‘মেক ইন ইন্ডিয়া’, ‘পিএম গতিশক্তি’ এবং নতুন লজিস্টিকস নীতির বাস্তবায়ন।

এমএসএমই খাতের উন্নয়নে জরুরি ঋণ নিশ্চয়তা প্রকল্প (ইসিজিএস), সহজ উদ্যম রেজিস্ট্রেশন এবং ‘পিএম বিশ্বকর্মা’ যোজনার মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সেবা ও প্রযুক্তি খাতে ডিজিটাল পাবলিক অবকাঠামো, গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (জিসিসি) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স, ক্লিন এনার্জি ও বায়োফার্মাসিউটিক্যালসের মতো উচ্চ প্রযুক্তির খাতেও বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

২০২৬-২৭ সালের বাজেট উদ্যোগের অংশ হিসেবে জাতীয় আতিথেয়তা ইনস্টিটিউট, আঞ্চলিক মেডিকেল হাব এবং অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং ও কমিকস (এভিজিসি) কনটেন্ট ক্রিয়েটর ল্যাব স্থাপনের ঘোষণার কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী।

কৃষি খাতের উন্নয়নে সেচ সুবিধা সম্প্রসারণ, প্রযুক্তির ব্যবহার, ফসলের বৈচিত্র্যকরণ ও বাজার ব্যবস্থাপনা উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। একই সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্প্রসারণ এবং জিএসটি ও আয়কর সংস্কারের মাধ্যমে ব্যবসার পরিবেশ সহজ করার উদ্যোগ চলছে।

এদিকে, রাজ্যসভায় অন্য এক প্রশ্নের জবাবে নির্মলা সীতারামন জানান, ২০২৪-২৫ অর্থবছরে সারফায়েসাই আইনের আওতায় ব্যাংকগুলো ১ লাখ ৩ হাজার ১৮০ কোটি টাকার খেলাপি ঋণের বিপরীতে ২ লাখ ১৫ হাজার ৭০৯টি মামলা করেছে। এর মধ্যে ৩২ হাজার ৪৬৬ কোটি টাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে ব্যাংকগুলো।

আমার ক্যাম্পাস

Link copied!