বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়া নিয়ে কিছু দিন আগে খবর রটেছিল। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক সেসময় দেশ ছাড়েননি। তবে সোমবার নিজেই জানালেন অস্ট্রেলিয়ায় যাচ্ছেন তিনি।
প্রতিবেদকের সঙ্গে যখন কথা হয়, তখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছিলেন বিসিবি সভাপতি। তবে ফিরে যাওয়া মানে এই নয় সভাপতির দায়িত্ব এখানেই শেষ করছেন! জরুরি কাজে যাচ্ছেন তিনি। আবার ফিরবেন বলেও জানিয়েছেন।
এ প্রসঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ‘আমি জরুরি কাজে কয়েক দিনের জন্য সেখানে যাচ্ছি। কাজ শেষ হলে ইনশাহআল্লাহ আবার তাড়াতাড়ি ফিরবো।’
‘অস্ট্রেলিয়াতে কত দিন থাকবেন? সেখানে ১ মার্চ থেকে এশিয়ান নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ রয়েছে। আপনার সঙ্গে দেশের সাংবাদিকদের দেখা হওয়ার সুযোগ আছে কিনা?’ এমন প্রশ্নে বুলবুল অবশ্য কূটনৈতিক উত্তর দিয়ে বলেছেন, ‘দেখা যাক কী হয়।’
জাতীয় নির্বাচনের পর বিসিবিতে পরিবর্তনের জোর হাওয়া। এই অবস্থায় বুলবুলের অস্ট্রেলিয়া যাওয়াটা অন্যরকম বার্তা দিচ্ছে । বিশেষ করে মেলবোর্নে তার পরিবার থাকে। তিনি নিজেও থাকছেন স্থায়ীভাবে।

আপনার মতামত লিখুন :