রেমিট্যান্স সংগ্রহে উল্লেখযোগ্য অবদান রাখায় রূপালী ব্যাংক পিএলসি ২০২৫ সালের জন্য দেশের সেরা ১০ ব্যাংকের স্বীকৃতি পেয়েছে। এ স্বীকৃতির অংশ হিসেবে ব্যাংকটি ‘টপ ১০ অ্যাওয়ার্ড’ অর্জন করেছে।
রোববার (১২ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
সেন্টার ফর এনআরবি’র চেয়ারম্যান এম. এস. সেকিল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রূপালী ব্যাংকের পক্ষে সম্মাননাটি গ্রহণ করেন রেমিট্যান্স বিভাগের উপ-মহাব্যবস্থাপক এ. কে. এম. জাকির হোসেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, রেমিট্যান্স আহরণে এ অর্জন ব্যাংকটির কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে।

আপনার মতামত লিখুন :