পবিত্র রমজান মাস উপলক্ষে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে শিল্প প্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপ। রাজধানীর কারওয়ান বাজারে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রথম রোজার দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহম্মেদ।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, সাশ্রয়ী দামে বিক্রয়কৃত পণ্যের মধ্যে রয়েছে চাল, মসুর ডাল, ছোলা, চিনি এবং কোমল পানীয়—ফ্রেন্ডস কোলা ও দেশবন্ধু ম্যাংগু ড্রিংক। রমজান মাসজুড়ে এ বিক্রি কার্যক্রম চলবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক সেবাস্টিন রেমা, দেশবন্ধু গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাকির হোসেন, উপদেষ্টা কাজী হাসান আহমেদ, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিওও ইদ্রিসুর রহমান এবং দেশবন্ধু গ্রুপের মহাব্যবস্থাপক আরিফ হোসেনসহ সংশ্লিষ্টরা।
দেশবন্ধু গ্রুপের কর্মকর্তারা বলেন, এটি ব্যবসায়িক উদ্যোগ নয়; টিসিবির আদলে সাধারণ মানুষের সেবায় এগিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। রমজানে নিত্যপণ্যের দামে স্বস্তি দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :