ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬

শুরু হচ্ছে এনডিইউবি ক্রিকেট লিগ; ইংলিশ ঈগলসের মিডিয়া পার্টনার আল্টিমেট স্পোর্টস

বিবিধ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬

শুরু হচ্ছে এনডিইউবি ক্রিকেট লিগ; ইংলিশ ঈগলসের মিডিয়া পার্টনার আল্টিমেট স্পোর্টস

শুক্রবার (৩১ জানুয়ারি) শুরু হচ্ছে নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশ (এনডিইউবি) ক্রিকেট লিগ–২০২৬। নটর ডেমের নিজস্ব মাঠে প্রতিবছরের মতো এবারও এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ২০১৭ সাল থেকে নিয়মিতভাবে আয়োজিত এই লিগটি ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের অন্যতম ক্রীড়া ঐতিহ্যে পরিণত হয়েছে।

এবারের আসরে চারটি দল অংশ নিচ্ছে— ইংলিশ ঈগলস, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সিএসই এবং এলএলবি। লিগকে ঘিরে নটর ডেম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরাজ করছে ভিন্ন এক উৎসবমুখর পরিবেশ। কঠোর অনুশীলনে ব্যস্ত খেলোয়াড়দের পাশাপাশি প্রস্তুত দর্শকরাও।

৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া গ্রুপ পর্বের খেলা শেষ হবে ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ফাইনালের মধ্য দিয়ে।

ক্রিকেট লিগের আয়োজক কমিটির সহ-সমন্বয়ক সামি চিশতী বলেন, এই টুর্নামেন্ট নটর ডেম বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্য। সুস্থ প্রতিযোগিতা ও আনন্দের ভাগাভাগিই আমাদের মূল লক্ষ্য।

এদিকে পাঁচবারের ফাইনালিস্ট ও তিনবারের চ্যাম্পিয়ন ইংলিশ ঈগলস এবারও মাঠে নামছে তাদের চিরচেনা আকাশী-সাদা জার্সিতে। দলটির টাইটেল স্পন্সর ফ্যান্টাসি কিংডম। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে লন্ডনভিত্তিক জনপ্রিয় বাংলাদেশি স্পোর্টস অনলাইন প্ল্যাটফর্ম আল্টিমেট স্পোর্টস। এছাড়াও দলের কো-স্পন্সর হিসেবে রয়েছে রাসটেক, ফয়সাল এন্টারপ্রাইজ এবং সুফিয়ান এগ্রো।

ইংলিশ ঈগলসের অধিনায়ক সাইফুর রহমান শিবলী বলেন, ফেয়ার প্লে ও স্পোর্টসম্যানশিপের জন্য ইংলিশ ঈগলস সব সময় সমাদৃত। আগের বছরগুলোর ধারাবাহিক সফলতাই এবারের টুর্নামেন্টে আমাদের প্রধান অনুপ্রেরণা।

উল্লেখ্য, টি-টেন ফরম্যাটের এই লিগে প্রতি বছরই উপচেপড়া দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। দর্শকদের মধ্যে থাকেন নটর ডেম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা, পাশাপাশি নটর ডেম কলেজের শিক্ষার্থীরাও।

আমার ক্যাম্পাস

Link copied!