বাংলার ঐতিহ্যবাহী রন্ধনপ্রণালী ও শিকড়ের স্বাদকে আধুনিক উপস্থাপনায় তুলে ধরার প্রত্যয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় যাত্রা শুরু করেছে হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট। বাঙালির রসনা ও রুচিবোধের পরিশীলিত অভিজ্ঞতা উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ এই রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় রোববার দুপুরে।
বসুন্ধরা আবাসিক এলাকার এ ব্লকে অবস্থিত রেস্টুরেন্টটির উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের গ্রুপ ডিরেক্টর আহমেদ ইব্রাহিম সোবহান। এসময় তিনি বলেন, বাংলার আবহমান স্বাদ ও ঐতিহ্য ধরে রাখতে বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগ সর্বাঙ্গীনভাবে সফল হবে বলে তিনি বিশ্বাস করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী, উপদেষ্টা (কনস্ট্রাকশন) ইঞ্জিনিয়ার মো. আমান উল্লাহ, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন, বিভাগীয় প্রধান (অর্থ ও হিসাব) এস এম মনিরুল ইসলাম পলাশসহ বসুন্ধরা গ্রুপ ও আইসিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং আমন্ত্রিত অতিথিরা।
আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন বলেন, ‘হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের প্রতিটি পদ তৈরি করা হয়েছে সময়ের পরীক্ষায় টিকে থাকা ঐতিহ্যবাহী রেসিপির আলোকে। পরিমিত মশলার ব্যবহার ও প্রাচীন খাদ্য উপকরণের সুষম মেলবন্ধনের মাধ্যমে খাবারগুলোতে স্বাদ, ইতিহাস ও সংস্কৃতির গভীর সংযোগ তুলে ধরা হয়েছে।’
রেস্টুরেন্টটির অভ্যন্তরীণ সাজসজ্জা, পরিবেশ এবং খাবার পরিবেশনায় ফুটে উঠেছে বাংলার রন্ধন ঐতিহ্য, নান্দনিক সৌন্দর্য ও আন্তরিক আতিথেয়তার ছাপ। ফলে এখানে আগত অতিথিরা শুধু খাবারের স্বাদই নয়, বরং বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের একটি পূর্ণাঙ্গ অভিজ্ঞতার অংশ হতে পারবেন।
হেরিটেজ কাবাব এন্ড রেস্টুরেন্টের ঠিকানা: প্লট নং ৭৫-৭৬, ব্লক-এ, রোড-০১, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২১২ (তামান্না ফার্মেসির বিপরীতে)।
রেস্টুরেন্টটি প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকবে।

আপনার মতামত লিখুন :