উচ্চশিক্ষার সুনির্দিষ্ট দিকনির্দেশনা এবং স্কলারশিপের নির্ভরযোগ্য তথ্য নিয়ে রাজধানীতে শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ আন্তর্জাতিক শিক্ষা উৎসব। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর তিন দিনব্যাপী বসছে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো’-র ৬৫তম আসর। ‘ফেয়ার কনভেনর ইন্টারন্যাশনাল’-এর উদ্যোগে আয়োজিত এই মেলার মূল লক্ষ্য দেশ-বিদেশের উচ্চশিক্ষার সুযোগ প্রসারিত করা।
দেশ ও বিদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়, স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান, শীর্ষস্থানীয় স্টাডি অ্যাব্রোড কনসালটেন্সি ফার্ম এবং আইইএলটিএসসহ বিভিন্ন টেস্ট প্রিপারেশন সেন্টার এতে অংশ নিচ্ছে। মেলায় আগত শিক্ষার্থী ও অভিভাবকরা পাবেন:
সরাসরি কাউন্সেলিং: ভিসা প্রক্রিয়া, কোর্স নির্বাচন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের বিষয়ে বিদেশি প্রতিনিধি ও অভিজ্ঞ কাউন্সিলরদের সাথে সরাসরি কথা বলার সুযোগ।
স্কলারশিপ ও টিউশন ফি: আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি, শতভাগ পর্যন্ত স্কলারশিপ এবং আর্থিক সহায়তার বিস্তারিত তথ্য।
ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়ন: উচ্চশিক্ষার পাশাপাশি বিশ্ববাজারে টিকিয়ে রাখতে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার বিষয়ক বিশেষ দিকনির্দেশনা।
মেলায় স্টল ও প্যাভিলিয়নের মাধ্যমে সেবা তুলে ধরবে দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, এডুকেশন কনসালটেন্সি ও স্টুডেন্ট ভিসা এজেন্সি, আইইএলটিএস ও স্পোকেন ইংলিশ কোচিং সেন্টার, শিক্ষাবিষয়ক বইয়ের প্রকাশনা সংস্থা, এয়ার টিকিটিং ও ট্রাভেল এজেন্সি এবং ব্যাংক ও ইনস্যুরেন্সসহ নানা আর্থিক সেবা প্রতিষ্ঠান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় শিক্ষার্থী ও অভিভাবকদের প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়েছে। তবে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে আগে থেকেই অনলাইনে নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে। আগ্রহীরা fairconvener.com ওয়েবসাইটে গিয়ে ফ্রি টিকিট সংগ্রহ ও মেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।
বৈশ্বিক ক্যারিয়ার গঠন ও পছন্দসই শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনের এই সুযোগ হাতছাড়া না করতে শিক্ষার্থী ও অভিভাবকদের সপরিবারে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ফেয়ার কনভেনর ইন্টারন্যাশনাল।



আপনার মতামত লিখুন :