বসুন্ধরা আবাসিক এলাকার আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ক্রিকেট টুর্নামেন্টের। রবিবার (২৫ অক্টোবর) বিকেলে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। জাতীয় দলের দুই সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ রফিক ও মোহাম্মদ আশরাফুলের উপস্থিতি টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বাড়তি মাত্রা ও উদ্দীপনা যোগ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি বুলবুল আহমেদ, বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী, এবিজি স্পোর্টস সিটির উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক, মো. লিয়াকত হোসেন, মো. নাজমুল আলম ভূঁইয়া, মাহবুবুর রহমান, টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভির উল ইসলাম এবং এবিজি স্পোর্টস সিটির সিনিয়র জিএম লেফট্যানেন্ট কর্নেল (অব.) মোহাম্মদ সোয়েব শফিক। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
আয়োজকরা জানান, এবিজি স্পোর্টস সিটির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের প্রধান লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সুপ্ত ক্রিকেট প্রতিভা তুলে ধরা, প্রতিযোগিতামূলক ক্রীড়াচর্চায় উদ্বুদ্ধ করা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও মেলবন্ধন জোরদার করা। আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টির পাশাপাশি দেশের ভবিষ্যৎ আন্তর্জাতিক মানের খেলোয়াড় অন্বেষণে এই টুর্নামেন্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।



আপনার মতামত লিখুন :