ঢাকা রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬

সুইডেনে অর্থায়িত জঙ্কোপিং ইউনিভার্সিটি বৃত্তি

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬

সুইডেনে অর্থায়িত জঙ্কোপিং ইউনিভার্সিটি বৃত্তি

সুইডেনে উচ্চশিক্ষায় আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুখবর। জঙ্কোপিং ইউনিভার্সিটি স্কলারশিপ-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। এই বৃত্তির জন্য বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা সুইডেনের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বৃত্তিটি কার্যকর থাকবে।

জঙ্কোপিং ইউনিভার্সিটি সুইডেনের জেনকোপিং শহরে অবস্থিত একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়। বাস্তবভিত্তিক শিক্ষা, গবেষণা ও শিল্প খাতের সঙ্গে ঘনিষ্ঠ সংযোগের জন্য বিশ্ববিদ্যালয়টি বিশেষভাবে পরিচিত। বর্তমানে এখানে প্রায় ১০ হাজার ৯৯২ জন শিক্ষার্থী ও ৮৩২ জন শিক্ষক-কর্মকর্তা অধ্যয়ন ও কর্মরত রয়েছেন। আন্তর্জাতিক শিক্ষার্থীবান্ধব পরিবেশ, আধুনিক ক্যাম্পাস সুবিধা এবং ব্যবহারিক দক্ষতার ওপর জোর দেওয়ায় জঙ্কোপিং ইউনিভার্সিটি ইউরোপে উচ্চশিক্ষার জন্য একটি জনপ্রিয় গন্তব্য হিসেবে বিবেচিত।

সুযোগ-সুবিধা

জঙ্কোপিং ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি অর্থায়িত স্কলারশিপ প্রোগ্রাম। যার আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফিতে ৩০ শতাংশ ছাড় পাবেন। এই বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা দেশটির বিশ্ববিদ্যালয়টি থেকে তুলনামূলক কম খরচে ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বিশেষ করে যেসব মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থী উচ্চ টিউশন ফি নিয়ে দুশ্চিন্তায় থাকেন, তাঁদের জন্য এই স্কলারশিপ শিক্ষার পথে একটি বড় আর্থিক সহায়তা হিসেবে কাজ করবে।

আবেদনের যোগ্যতা

জঙ্কোপিং ইউনিভার্সিটি বৃত্তির জন্য আবেদন করতে আগ্রহী শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। প্রার্থীদের আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষাগত ফল সম্পন্ন হতে হবে। স্নাতকের জন্য আবেদন করতে প্রার্থীদের উচ্চমাধ্যমিকের সনদ থাকতে হবে। আর স্নাতকোত্তরের জন্য আবেদন করতে স্নাতকের সনদ থাকতে হবে।

এছাড়া বৃত্তির অন্যান্য যেকোনো শর্ত পূরণ করতে হবে।

ভাষাগত যোগ্যতা

প্রার্থীদের আইইএলটিএসে সর্বনিম্ন ৬.৫ ব্যান্ড স্কোর থাকতে হবে। এর মধ্যে কোনো সেকশনে ৫.৫-এর কম স্কোর গ্রহণযোগ্য নয়। টোয়েফলের সনদ থাকতে হবে। এ ছাড়া কেমব্রিজ ইংলিশ কোয়ালিফিকেশন সনদ থাকতে হবে। এই শর্তগুলো প্রার্থীর ভাষাগত যোগ্যতা হিসেবে গণ্য করা হবে।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

বৃত্তিটির জন্য আবেদনকারীদের যেসব কাগজপত্রগুলো প্রস্তুত রাখতে হবে, সেগুলো হলো এক বা দুটি সুপারিশপত্র; ২০০ শব্দের পার্সোনাল স্টেটমেন্ট, যেখানে আবেদনকারীর একাডেমিক অর্জন, ভবিষ্যৎ ক্যারিয়ার লক্ষ্য এবং স্টাডি অ্যাপ্লিকেশন নম্বর উল্লেখ থাকতে হবে; পূর্ববর্তী ডিগ্রির ট্রান্সক্রিপ্ট; ইংরেজি ভাষা দক্ষতার সনদ; পরিচয়পত্র (আইডেনটিটি ডকুমেন্টস)।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা লিঙ্কে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২০২৫ সালের ১৬ অক্টোবর থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। চলবে আগামী ২ মে পর্যন্ত।

আমার ক্যাম্পাস

Link copied!