ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

দেশে আট মাসে ৩৯০ কন্যাশিশু ধর্ষণের শিকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫

দেশে আট মাসে ৩৯০ কন্যাশিশু ধর্ষণের শিকার

ছবিঃ সংগৃহীত

চলতি বছরের প্রথম আট মাসে সারা দেশে ৩৯০ জন কন্যাশিশু ধর্ষণ ও গণধর্ষণের শিকার হয়েছে। একই সময়ে ৫৪ জন নারী যৌন হয়রানির শিকার হয়েছেন, আর নির্যাতনের শিকার হয়েছে আরও ৫৪ জন কন্যাশিশু। এ সময় আত্মহত্যা করেছে ১০৪ জন শিশু।

শনিবার (৪ অক্টোবর) বিকেল ৩টার পর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। কন্যাশিশুর প্রতি সহিংসতা ও নির্যাতনের চিত্র তুলে ধরে প্রতিবেদনটি প্রকাশ করে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, যার সহায়তায় ছিল এডুকো বাংলাদেশ

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সময়ে ৩৪ জন শিশু অপহরণ ও পাচারের শিকার হয়, এর মধ্যে ১৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া ৮৩ জন কন্যাশিশু খুন হয়েছে এবং ৫০ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে, যাদের মৃত্যুর কারণ নিশ্চিত করা যায়নি।

সংবাদ সম্মেলনে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের ন্যাশনাল কো-অর্ডিনেটর সৈয়দা আহসানা জামান এ্যানি প্রতিবেদনটি উপস্থাপন করেন। তিনি বলেন, “রাষ্ট্রব্যবস্থার সংস্কারের মাধ্যমে একটি নারীবান্ধব সমাজ গড়ে তুলতে হবে—যেখানে নারী ও কন্যাশিশুরা কোনো ধরনের সহিংসতার ভয় ছাড়াই ঘর থেকে বের হতে পারবেন, নিরাপদে চলাচল করতে পারবেন।”

তিনি আরও বলেন, কন্যাশিশু ও নারীদের প্রতি সহিংসতা রোধে পরিবার, সমাজ ও রাষ্ট্র—সব পর্যায়ে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ড. বদিউল আলম মজুমদার। 

আমার ক্যাম্পাস

Link copied!