ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

দুই বছর পূর্ণ হওয়ার আগেই ২২ বিচারপতি স্থায়ী, নিয়োগ নিয়ে প্রশ্ন

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৬

দুই বছর পূর্ণ হওয়ার আগেই ২২ বিচারপতি স্থায়ী, নিয়োগ নিয়ে প্রশ্ন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার এক বছরের কিছু বেশি সময়ের মধ্যেই ২২ জনকে স্থায়ী বিচারপতি করা নিয়ে প্রশ্ন উঠেছে। ২০২৪ সালের অক্টোবরে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া এসব বিচারপতিকে ২০২৫ সালের ১১ নভেম্বর স্থায়ী করা হয়।

সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি সর্বোচ্চ দুই বছরের জন্য নিয়োগ দেওয়া যায়। একই অনুচ্ছেদে অতিরিক্ত বিচারপতিকে পরবর্তীতে ৯৫ অনুচ্ছেদের অধীনে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। অর্থাৎ দুই বছরের মেয়াদ পূর্ণ করেই স্থায়ী করতে হবে, এমন বাধ্যবাধকতা সংবিধানে নেই।

তবে সুপ্রিম কোর্টের একটি রায়ে বলা হয়েছে, প্রচলিত চর্চায় অতিরিক্ত বিচারপতিদের কর্মদক্ষতা ও আদালতে তাঁদের কার্যক্রম বিবেচনা করে দুই বছর বা তার বেশি সময়ের পর প্রধান বিচারপতি স্থায়ী নিয়োগের জন্য নাম সুপারিশ করে থাকেন।

এই প্রেক্ষাপটে এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে ২২ জনের চাকরি স্থায়ী করার সিদ্ধান্তের ভিত্তি, মূল্যায়ন পদ্ধতি ও মানদণ্ড নিয়ে আইন অঙ্গনের বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে।

২০২৪ সালের ৯ অক্টোবর হাইকোর্ট বিভাগে ২৩ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে ২০২৫ সালের ১১ নভেম্বর তাঁদের মধ্যে ২২ জনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের ৯৫ অনুচ্ছেদের অধীনে এ নিয়োগ দেন।

স্থায়ী নিয়োগ পাওয়া ২২ বিচারপতির মধ্যে বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন অসুস্থতার কারণে নির্ধারিত সময়ে শপথ নিতে পারেননি। তিনি পরে ৯ ডিসেম্বর ২০২৫ শপথ নেন।

অন্যদিকে, একই সময়ে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া দেবাশীষ রায় চৌধুরীকে স্থায়ী করা হয়নি। সে সময় সুপ্রিম কোর্টের একটি সূত্র জানায়, স্থায়ী বিচারপতি হওয়ার ন্যূনতম বয়স ৪৫ বছর পূর্ণ না হওয়ায় তাঁর চাকরি নিয়মিত করা হয়নি।

আইন বিশেষজ্ঞদের একাংশের মতে, অতিরিক্ত বিচারপতিদের স্থায়ী করার ক্ষেত্রে কর্মদক্ষতা, বিচারিক অভিজ্ঞতা ও আদালতে তাঁদের কাজের মূল্যায়ন গুরুত্বপূর্ণ। ফলে নির্দিষ্ট সময়ের আগেই ব্যাপকসংখ্যক বিচারপতিকে স্থায়ী করার ক্ষেত্রে কী ধরনের মূল্যায়ন করা হয়েছে, সেটি স্পষ্ট হওয়া প্রয়োজন।

তবে দুই বছরের আগেই অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী করার বিষয়ে সংবিধানে সরাসরি নিষেধাজ্ঞা নেই। অতীতে দুই বছরের মেয়াদ শেষ হওয়ার আগেও অতিরিক্ত বিচারপতিদের স্থায়ী করার উদাহরণ রয়েছে বলে সুপ্রিম কোর্টের নথিতে দেখা যায়।

এ অবস্থায় ২২ বিচারপতির স্থায়ী নিয়োগ নিয়ে বিতর্কের কেন্দ্রে রয়েছে মূলত নিয়োগের সময়, মূল্যায়নের মানদণ্ড এবং সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা।

আমার ক্যাম্পাস

Link copied!