শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘গোল্লাছুট শিল্প ও সাহিত্য সম্মাননা-২০২৬’ পেয়েছেন কণ্ঠশিল্পী, শিক্ষক ও আইনজীবী তাহসিন খান। সম্প্রতি রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন গোল্লাছুট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বার্ষিক উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়। জনপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবি তাহসিন খানের হাতে সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য আরও সম্মাননা পান কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান, অভিনেত্রী ফারজানা ছবি এবং বিশিষ্ট সেতারবাদক ও শিক্ষাবিদ অধ্যাপক রীনাত ফওজিয়া।
সম্মাননা গ্রহণের পাশাপাশি অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন তাহসিন খান। তিনি দুটি গান পরিবেশন করেন, যার কথা ও সুর করেছেন তার মা, বিশিষ্ট সেতারবাদক ও শিক্ষাবিদ অধ্যাপক রীনাত ফওজিয়া। আইন পেশা ও সংগীতচর্চার পাশাপাশি মা-ছেলের এই শৈল্পিক পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে তাহসিন খান বলেন, ‘একদিকে আইন পেশা ও শিক্ষকতা, অন্যদিকে গানের ভুবন—এই দুই বিপরীতমুখী সত্তাকে একসঙ্গে এগিয়ে নেয়া বেশ চ্যালেঞ্জিং। গোল্লাছুট ফাউন্ডেশনের এই স্বীকৃতি আমার পথচলাকে আরও অনুপ্রাণিত করবে।’
তিনি আরও বলেন, ‘গোল্লাছুট ফাউন্ডেশনের জন্য অনেক শুভকামনা। আশা করি, শিশু-কিশোরদের মেধা বিকাশ ও সুস্থ সংস্কৃতি চর্চার এই উদ্যোগ ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানের শেষ পর্বে ‘গোল্লাছুট সুপারস্টার’ প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন তাহসিন খানসহ উপস্থিত অন্যান্য গুণীজন। মেধা, সৃজনশীলতা ও সংস্কৃতিচর্চাকে উৎসাহিত করতে আয়োজিত এ অনুষ্ঠানটি উপস্থিত দর্শক ও সুধীজনের প্রশংসা কুড়ায়।

আপনার মতামত লিখুন :