ঢাকা রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

জবি ছাত্রদল নেতা জোবায়েদ হত্যায় অভিযুক্ত মাহিরকে থানায় দিলেন তার মা

জবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫

জবি ছাত্রদল নেতা জোবায়েদ হত্যায় অভিযুক্ত মাহিরকে থানায় দিলেন তার মা

ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডে অভিযুক্ত মাহির রহমানকে থানায় সোপর্দ করেছেন তার মা। রবিবার রাতজুড়ে বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর সোমবার (২০ অক্টোবর) ভোরে তিনি নিজেই ছেলেকে নিয়ে রাজধানীর বংশাল থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করান।

বংশাল থানার পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে মাহিরের মা থানায় এসে জানান, তার ছেলে হত্যার ঘটনায় জড়িত থাকতে পারে। পরে তিনি ছেলেকে পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মামলা দায়ের করা হয়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

এর আগে রবিবার (১৯ অক্টোবর) বিকেলে পুরান ঢাকার আরমানিটোলায় টিউশনিতে যাওয়ার সময় খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন। পরে ওই এলাকার একটি বাড়ির সিঁড়ি থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের বড় ভাই এনায়েত হোসেন সৈকত অভিযোগ করেন, তারা পাঁচজনকে আসামি করে মামলা করার চেষ্টা করলেও বংশাল থানার ওসি মামলা নিতে অনীহা প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমরা আসামি করতে চেয়েছি শিক্ষার্থী বর্ষা, তার বাবা-মা, প্রেমিক মাহির রহমান ও তার বন্ধু নাফিসকে। কিন্তু ওসি বলেছেন, এতজনের নাম দেওয়া ঠিক হবে না। বর্ষার বাবা-মায়ের নাম দিলে মামলাটা নাকি হালকা হয়ে যাবে।”

এনায়েত হোসেন আরও বলেন, “আমরা ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচার চাই। ঘটনাটিকে হালকা করার চেষ্টা করলে আমরা আদালতের দ্বারস্থ হব।”

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সহপাঠীরা হত্যার বিচার দাবি করে বিক্ষোভের ঘোষণা দিয়েছেন। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

আমার ক্যাম্পাস

Advertisement
Advertisement
Advertisement
Link copied!